জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমজেএইচ মঞ্জু। দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার পর তিনি নতুন এ দায়িত্বে যুক্ত হলেন।
ছাত্রজীবন থেকেই মঞ্জু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ সময়ে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি এবং সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গনে নতুন পথচলার অংশ হিসেবে তিনি এনসিপিতে যোগ দেন। জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পেয়ে এমজেএইচ মঞ্জু বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করে যাচ্ছি। বায়ান্নোর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।’
তরুণ সমাজকে সংগঠিত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাবেন বলে প্রতিশ্রতি দিয়েছেন তিনি।