এসএসসি পরীক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ছয়জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত তথ্যমতে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন। দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে, একজন ঢাকা ও অন্যজন দিনাজপুর বোর্ডে।
অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীন দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দুই লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর। তবে অংশ নিয়েছেন দুই লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এতে অনুপস্থিত ১১ হাজার ২১১ জন। মাদরাসা বোর্ডে সারা দেশে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল এক লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত দুই হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি, তবে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় অনুপস্থিতি ১.০৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি বরিশাল বোর্ডে, ১.৩৯ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতি দিনাজপুর বোর্ডে। অন্যদিকে মাদরাসা বোর্ডে গড় অনুপস্থিতি ৪.৪০ শতাংশ ও কারিগরি বোর্ডে ১.৯৩ শতাংশ।