নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অলিখিত একটি চুক্তি হয়েছিল বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সেই সঙ্গে আওয়ামী লীগের ভোটেই বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার (১২ এপ্রিল) দুপুরে ১১ দল আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, এমনকি শেখ হাসিনা বিদেশে বসেও এ ধরনের বক্তব্য দিচ্ছেন। তার দাবি, এ পরিস্থিতির কারণে জুলাই আন্দোলন ঘিরে হওয়া হত্যা মামলার অনেক আসামি জামিন পাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তিনি অভিযোগ করেন, এসব আসামি জামিনে বেরিয়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, যদি তারা বিরোধীদলের কবর খুঁড়ে সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটে, তবে সেই কবরে তাদেরই আগে জায়গা হবে।
গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের কোনো দলীয় ব্যানারে দেখতে চান না জানিয়ে এনসিপি নেতা দাবি করেন, আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে নেওয়া অধ্যাদেশগুলো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সেগুলোর কিছু বাতিল করেছে।
শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে সারজিস আলম আহ্বান জানান, কোনো কিছুর বিনিময়ে বিভাজিত না হয়ে ঐক্য বজায় রাখতে। এই আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হলে দেশের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন দলের নেতারা।