রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সিটিতে পরিচিত মুখদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) আসছে আনুষ্ঠানিক ঘোষণা।
এনসিপির এক দলীয় সূত্র নাগরিক প্রতিদিনকে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করা হচ্ছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বাংলামোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটি করপোরেশন নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রাত ৯টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির নেতারা উপস্থিত থাকবেন।
এনসিপির এই নেতা জানান, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। শিগগিরই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে বলেও জানান তারা।
তবে সংবাদ সম্মেলনের আগে প্রার্থী তালিকায় পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, সিটি করপোরেশন নির্বাচন বড় পরিসরের স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় জোটগত সমীকরণের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে।