ঢাকা-৭ আসনে ভোটের ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ওই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়েত উল্লাহ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
মো. এনায়েত উল্লাহর অভিযোগ, ধানের শীষের অনেকগুলো বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না দিয়েই গণনায় ১০০ হিসাবে দেখানো হয়েছে। এ ছাড়া দাঁড়িপাল্লার পোলিং এজেন্টকে ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে এবং অনেক পোলিং এজেন্টকে রেজাল্ট শিটের মূল কপি সরবরাহ করা হয়নি।
এনায়েত উল্লাহ বলেন, ভোট গণনার সময় গণনার মাঝামাঝি এসে ম্যানিপুলেশন ও রিগিংয়ের উদ্দেশ্যে গণনাতে অহেতুক দেরি করা হয়েছে। কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি।
এ সময় তিনি জানান, প্রিজাইডিং অফিসারের এসব অনিয়মকে তুলে ধরে বৃহস্পতিবারই রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে।
জামায়াত প্রার্থী বলেন, ‘এসব সার্বিক অনিয়ম আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি। ভোট পুনঃগণনা হলে এসব অনিয়মের সত্যতা প্রকাশিত হবে এবং সঠিক ভোট সংখ্যা জানা যাবে। আমি অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি।’