নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে থেকেই বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে কূটনীতিকদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন।
এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।
বঙ্গভবনে এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়েছে। রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।