শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়েছে বঙ্গভবনের দরবার হল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণপত্রে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। পরে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন, তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন ছয়জন। ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোট গণনা শেষে বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।