চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। মো. ইয়াসিন (৫০) নামে এই বাংলাদেশি স্টিভেডোরকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে সাগরে পড়ে তিনি নিখোঁজ হন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাগরে পড়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে যান বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়।
উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনও বিষয়টি নিশ্চিত করেছে।
সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ঘটনার পরপরই কোস্ট গার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়। একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধার কাজে সহায়তার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে অনবরত ভিএইচএফ বার্তা প্রচার করা হচ্ছে।’