বরিশাল সফরের দ্বিতীয় দিনে কূটনৈতিক ব্যস্ততার বাইরে গ্রামীণ আবহ ও বাঙালি আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের মধ্যে তাজা ইলিশ, বিভিন্ন পদের মাছ, ভর্তা-ভাজি এবং গৌরনদীর বিখ্যাত রসমালাইয়ের স্বাদ উপভোগ করেন তিনি।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পৈতৃক বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত।
তথ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছালে রাষ্ট্রদূতকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।
মধ্যাহ্নভোজে রাষ্ট্রদূতের জন্য নদীমাতৃক বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। পরিবেশন করা হয় তাজা ইলিশ ভাজা, আইড়সহ নানা ধরনের মাছের পদ। পাশাপাশি ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ভর্তা ও ভাজি।
স্থানীয় এসব খাবারের স্বাদ গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে বাঙালি ঘরানার বৈচিত্র্যময় খাবার ও আন্তরিক পরিবেশনের প্রশংসা করেন তিনি।
মধ্যাহ্নভোজের শেষপর্বে পরিবেশন করা হয় স্থানীয় ঐতিহ্যবাহী মিষ্টান্ন। গৌরনদীর বিখ্যাত ‘শচীন ঘোষের রসমালাই’ ও বিশেষ দধির স্বাদও নেন ক্রিস্টেনসেন। এসব মিষ্টান্নের স্বাদে তিনি মুগ্ধ হন।
সাধারণ মানুষের উষ্ণ আতিথেয়তা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদে বরিশাল সফরের দ্বিতীয় দিনটি মার্কিন রাষ্ট্রদূতের জন্য একটি ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়। এর মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সৌজন্যমূলক বিনিময়েরও সুযোগ তৈরি হয়।