রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে তফশিল ঘোষণার পর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। এছাড়া প্রার্থিতার জন্য সংসদের অন্তত দুইজন সদস্যের সমর্থন প্রয়োজন। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে কোনো ধরনের ফি দিতে হয় না।
সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ৩৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য ব্যক্তি কিংবা সংবিধান অনুযায়ী অভিশংসন (ইমপিচমেন্ট) প্রক্রিয়ায় রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত ব্যক্তি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন না।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
তফশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির সিনিয়র সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।