রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ তারিখে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এসময় তিনি নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ সাংবাদিকদের জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে ইসিতে ভোটার তালিকা পাঠানো হয় । আজ সকালে এই তালিকা ইসিতে পৌঁছায়।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করে ইসি।