বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদদ ও তাদের পরিবারের পাশে থাকবে। তাদের পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ ১৫-১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকবো।’
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।