সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগে সাধারণ জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে এসে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে মাগুরা পুলিশ লাইন্সের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রথমে খাল খনন কর্মসূচি দিয়ে কাজ শুরু করেছেন। পরবর্তীতে নদী খননের উদ্যোগ নেওয়া হবে। সারা দেশকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে-শ্যামলে ঘিরে ফেলা হবে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, আমরা তা বাস্তবে রূপ দিচ্ছি।’
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে পুরো বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই অন্ধকার কাটিয়ে একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি।’
‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং ‘গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠান শেষে অতিথিরা মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।