জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকস (বিইএআর) কনফারেন্স ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের উচ্চপ্রযুক্তি খাতের বিকাশে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে নভোথিয়েটারে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
‘বিল্ডিং বাংলাদেশ’স সেমিকন্ডাক্টর ফিউচার থ্রু গ্লোবাল পার্টনারশিপ’, অর্থাৎ ‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। তারা দেশের সেমিকন্ডাক্টর খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করছেন।
আয়োজকদের মতে, সম্মেলনের লক্ষ্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ ত্বরান্বিত করা এবং উদীয়মান প্রযুক্তি খাতে দেশের অবস্থান আরও শক্তিশালী করা।
সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা নিয়ে ১১টি কারিগরি অধিবেশন ও সাতটি কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, পারডু ইউনিভার্সিটি, গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো ও ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সম্মেলনের পাশাপাশি আয়োজিত ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এ সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক খাতে শিক্ষার্থী, গবেষক ও স্টার্টআপগুলোর উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ৩৫টি স্টল নিয়ে সাজানো প্রদর্শনী ঘুরে দেখেন।