জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বাংলাদেশকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই এই ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে দেশব্যাপী কয়েক কোটি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন।’
তিনি বলেন, ‘দেশের একশ্রেণির দুর্বৃত্ত নির্বিচারে বনভূমি নিধন করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে অক্সিজেন সংকটসহ নানা ধরনের পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। টেকসই পরিবেশ গড়ে তুলতে হলে এখনই সবাইকে সচেতন হতে হবে এবং ব্যাপকভাবে গাছ লাগাতে হবে।’
বৃক্ষরোপণের পাশাপাশি এসব গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো রক্ষা ও পরিচর্যা করতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।’
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এবং জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং পরিবেশ সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।