সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল দুই ধাপে নয়, একবারে বা এককালীন বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। যদিও চূড়ান্ত বেতনহার কমিশনের সুপারিশের চেয়ে কম হতে পারে। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন বেতন কাঠামো পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, আজকের বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, বেতন সমন্বয়ের পদ্ধতি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে কোন সুপারিশগুলো অপরিবর্তিত থাকবে, কোনগুলো সংশোধন করা হবে এবং বাস্তবায়নের কৌশল কী হবে—এসব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বেতন বৃদ্ধির হারও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুরুতে নতুন পে স্কেল দুই ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনায় ছিল। তবে এতে অনলাইন বেতন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আইবাসে সমন্বয় জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ধাপে ধাপে বাস্তবায়ন করলে প্রশাসনিক ব্যয় বাড়ার পাশাপাশি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষও সৃষ্টি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে একবারেই নতুন বেতন কাঠামো কার্যকরের দিকেই চিন্তা করছে সরকার।
তবে সংশ্লিষ্টরা বলছেন, আজকের বৈঠকেই নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। সব কিছু ঠিক থাকলে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর করা হতে পারে। আর বিভিন্ন ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় ২০২৭-২৮ অর্থবছর থেকে যুক্ত হতে পারে।