সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। সংগঠনটির দাবি, একটি সংঘবদ্ধ চক্র ও বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি অংশ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের উদ্দেশ্য পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করা।
আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে। বাহিনীর পেশাদারিত্ব ও জনসেবা আরও জোরদারে বিভিন্ন কার্যকর উদ্যোগও নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের দাবি, এই পরিবর্তনের প্রেক্ষাপটে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে, যাতে পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন। বিশেষ করে দুর্নীতি, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের লক্ষ্য করেই বেশি অপপ্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অপপ্রচারকারী চক্রটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও গুজবভিত্তিক তথ্য তৈরি করে সমন্বিতভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দ্রুত ভাইরাল করার কৌশল নিয়েছে।
আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নয়; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল করে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও এতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে জানানো হয়, এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে।
সবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে আইন প্রয়োগে আরও দৃঢ় ও কঠোর ভূমিকা পালন করবেন।