নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধসহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সবাইকে মনে রাখতে হবে তথ্য এখন আমাদের গুরুত্বপূর্ণ শক্তি।
এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ভূমিকা রাখবে।