পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) চারজন, উপমহাপরিদর্শক (ডিআইজি) পাঁচজন, অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) সাতজন ও পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা রয়েছেন। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়।
অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোশারফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে ছিলেন। আর অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকম বিভাগের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি প্রলয় চিসিমকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এ এফ এম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া ও মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর ও মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।