অনলাইন স্ক্যাম সেন্টার পরিচালনার প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১৫ বাংলাদেশি ও চার ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কাঠমান্ডু পুলিশ। শুক্রবার (২৯ মে) নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রধান পর্যটন এলাকা থামেল থেকে পুলিশ তাদের আটক করে।
নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের বরাতে বিবিসি নেপালি সার্ভিসের সংবাদদাতা অশোক দাহাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তিরা একজন চীনা নাগরিকের চালানো একটি ‘স্ক্যাম সেন্টারে’ কর্মরত ছিলেন।
ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি বলেন, ‘ওই চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন। আমরা তাকে খুঁজছি।’
পুলিশের রিপোর্ট অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগই আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। কম্বোডিয়ায় পরিচয় হওয়া চীনা অপারেটররা তাদের নেপালে নিয়ে এসেছে।
পুলিশ সুপার কার্কির মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে এ চক্রটি ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত। প্রাথমিক তদন্তে দেখা গেছে, চক্রটি স্থানীয় নেপালিদের নয়, বরং বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকেরা ছিলেন তাদের প্রধান টার্গেট।
গ্রেপ্তার ১৯ জনকেই পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, তাদেরকে ডিপোর্ট অর্থাৎ দেশে ফেরত পাঠানো হতে পারে।