আগামী পাঁচ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। একইসঙ্গে কয়েক দফায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ারও আভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৯ মে) রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণেরও আভাস রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই বৃষ্টিপাত পাঁচ দিন ধরে চলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।