পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব।’’
এ সময় রামিসার বাবার কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন এ সময় উপস্থিত ছিলেন।