মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। এতে দ্বিতীয় দিনের মতো অসহনীয় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে পথচারীরা পড়েছেন বিপাকে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ভারী বৃষ্টি হয় ঢাকায়। বৃষ্টির পর শহরের বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতা দেখা গেছে।
ভারী বৃষ্টিতে নয়াপল্টন ভিআইপি রোডটি পানিতে ঢুবে গেছে। একই পরিস্থিতি বেইলি রোডের। তাছাড়া নিউমার্কেট এলাকাসহ শহরের অনেক সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বেইলি রোডে জমে যাওয়া পানির মধ্য যানবাহন চলাচল করলেও মানুষের হাঁটাচলা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। অনেকে বাধ্য হয়ে রিকশা নিয়ে চলাচল করছেন। তবে কেউ কেউ পানিতে ভিজেই চলাচল করছেন।
পানির কারণে মালিবাগ মোড়ে আটকে গেছেন মানিক মিয়া। রোড ডিভাইডারে দাঁড়িয়ে রিকশা খুঁজছিলেন তিনি। মানিক বলেন, অফিসার্স ক্লাবের ওখানে যাবো। কিন্তু বেইলি রোড পানিতে ঢুবে গেছে। রিকশাও পাচ্ছি না। আনিস নামে আরেক পথচারীও শান্তিনগর মোড়ে রিকশার অপেক্ষা করছিলেন। তিনি ফরেন সার্ভিস ভবন এলাকায় যাবেন। তার জন্য সেখানে লোকজন অপেক্ষা করছেন বলে জানান।
আনিস বলেন, উল্টো পথের একটা ফাঁকা রিকশা পাইছি। ১০০ টাকা দেব বললাম, তাও সে যায়নি।
এদিকে নাইটিঙ্গেল মোড়ে পাভেল মাহমুদ নামে এক পথচারী বলেন, তিনি ফকিরাপুল যাবেন। কিন্তু পানির কারণে যেতে পারছেন না।
তাৎক্ষিকভাবে এ বিষয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে তাদের কর্মীরা কাজ শুরু করেছেন। এদিকে, বৃষ্টির কারণে ঢাকার ধোলাইপাড়, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকার আশেপাশের অস্থায়ী পশুর হাট এবং প্রধান সড়কগুলোতে কাদা ও পানি জমে চরম জলজটের সৃষ্টি হয়েছে।