প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে। তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না। মঙ্গলবার (১৯ মে) সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দিতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হঠাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ, শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে। তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না।’
জাহেদ উর রহমান আরও বলেন, ‘ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে। তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব, আর যদি না হয়, সেটা কার্যকর হবে, এটাই হচ্ছে ইনসাফ। কারও মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি।’