বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মিরানা মাহরুখ।
মঙ্গলবার (১৯ মে) বিদ্যুৎ বিভাগ থেকে ফারজানা মমতাজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছিলেন।
অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতির পর তাকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
মিরানা মাহরুখ বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।