হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এই হিসেব সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে নয় শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে ও চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে একজন করে রয়েছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মারা গেছে।
পাশাপাশি এই ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৬৪। হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১১৫ ও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬০ হাজার ৫১৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৯২৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৩ হাজার ৯৮৩ রোগী, যাদের মধ্যে ৪০ হাজার ৯০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।