ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হয়েছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
এতে বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পুলিশ প্রশাসনের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত মোসলেহ উদ্দিন আহমেদ তার দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উইংয়ে নেতৃত্ব দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে সিআইডি প্রধান হিসেবে তার কিছু যুগান্তকারী পদক্ষেপ তাকে ডিএমপি কমিশনার পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিআইডি প্রধান থাকাকালীন প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে তিনি ছিলেন আপসহীন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, পর্নোগ্রাফি এবং সাইবার বুলিং ঠেকাতে সিআইডির সাইবার টিমকে আধুনিকায়ন করেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো ই-কমার্স কেলেঙ্কারি ও অবৈধ এমএফএস ট্রানজেকশন রুখতে তার নেতৃত্বাধীন সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির আড়ালে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার আন্তর্জাতিক সিন্ডিকেটগুলোর নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।