পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ার দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্য অনুযায়ী, ঢাকার মধ্যে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকায় বিক্রি হবে। ঢাকার বাইরের এলাকাগুলোতে এই দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। গত বছরের তুলনায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে।
অন্যদিকে, সারা দেশে খাসির চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম রাখা হয়েছে ২২ থেকে ২৫ টাকা।
সরকার জানিয়েছে, কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণের বিষয়ে মাংস ব্যবসায়ী এবং মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ কার্যক্রম ও লবণ সরবরাহ বাস্তবায়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়।
এ ছাড়া অবৈধভাবে চামড়া পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।