আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নিরাপদে, নির্বিঘ্ন করতে গার্মেন্টস কর্মীদের তিন ধাপে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে।’
গত বছরের চেয়ে এবার এক কোটি যাত্রী বেশি ও ঈদের সময় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাসের কথা উল্লেখ করে তিনি জানান, এসব বিষয় বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ছাড়া, এবার মহাসড়কে পরিস্থিতি নজরদারি ও নিয়ন্ত্রণে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।
পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং অনিয়ম প্রতিরোধে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী এবং ফুলবাড়িয়াসহ দেশের সব বাস টার্মিনালে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠন করা হবে বলেও জানিয়েছেন শেখ রবিউল আলম।