সোমবার (১১ মে) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অন্যদিকে রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে কমেছে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃষ্টি খানিকটা কমে যেতে পারে। তবে বুধবার থেকে অন্তত তিন বিভাগে বৃষ্টি বাড়তে পারে। এর প্রভাবে ঢাকা বা এর আশপাশের এলাকায়ও বৃষ্টি হতে পারে।
সকাল থেকেই তীব্র গরম ছিল রাজধানীতে। আগের দিনের সন্ধ্যার বৃষ্টি তাপ তেমন কমাতে পারেনি। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ মেঘে ঢেকে যায়। দুপুরে শুরু হয় বৃষ্টি। প্রবল বৃষ্টিতে পরিবেশ কিছুটা শীতল হয়েছে।
তবে একই সময় ভোগান্তিতে পড়েন পথচারী, হকার, দোকানি আর চাকরিজীবীরা। অস্থায়ী দোকান আর বহুতল ভবনের নীচে আশ্রয় নেন অনেকে। বৃষ্টিতে ভিজেই আবার চলাচল করতে দেখা যায় অনেককে। এর মধ্যে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।