ইফতেখারুজ্জামান
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে ঘোষণা দিয়ে হামলা করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুদিনব্যাপী 'বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স'-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, গণমাধ্যমের ওপর হামলা হয়েছে; দুটি প্রতিষ্ঠিত গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে আক্রমণের শিকার হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।’
গণমাধ্যমের ওপর আক্রমণ হলেও তৎকালীন অন্তর্বর্তী সরকারের যথাযথ ভূমিকা দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সেসময় হঠাৎ করেই যে হামলা হয়েছিল, তা কিন্তু নয়। অনেকটা ঘোষণা দিয়েই আক্রমণ করা হয়। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ছিল...এমনকি সেনাসদস্যরাও ছিলেন; তারা কার্যকর পদক্ষেপ নেননি, যা অত্যন্ত দুঃখজনক। এসব ঘটনা আমাদের নেতিবাচক বার্তা দেয়।’
সারাবিশ্বে সাংবাদিক নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে টিআইবির নির্বাহী প্রধান বলেন, ‘এক দশকে পাঁচ শতাধিক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় ৬০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ৩০ জন, পাকিস্তানে ৫০ জনের মতো, বাংলাদেশ ২৬ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সাংবাদিকদের এ ঝুঁকি ও নিরাপত্তাহীনতা নিয়েও আমাদের কাজ করতে হবে।’
এমআরডিআইয়ের ২৫ বছরপূর্তি উপলক্ষে ৮ ও ৯ মে দুদিনব্যাপী এ বাংলাদেশ জার্নালিজ কনফারেন্স আয়োজন করা হয়েছে। এতে ৫৪৭ জন সাংবাদিক অংশ নিয়েছেন। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০ দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
সম্মেলনে ১২টির বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক আলোচনা করবেন। সম্মেলনে ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন।