বিরোধীদল সরকারের সমালোচনা করবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য তবে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৮ মে) দুপুরে ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ও সেক্রেটারিকে নিয়ে মতবিনিময় সভার পূর্বপ্রস্তুতি দেখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট পরিদর্শক শেষে এ মন্তব্য করেন তিনি।
সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিকের। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধীদল তার সমালোচনা করবে। এটাই মূল ও এটাই হওয়া উচিত। বিরোধীদল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়।’
এ সময় তিনি বলেন, ‘গঠনমূলক সমালোচনা হলে রাষ্ট্র উপকৃত হবে। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য করা হলে তা হবে ষড়যন্ত্র।’
রিজভী বলেন, ‘বিরোধীদল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে। জনগণ যদি মনে করে বিরোধীদলের কথা ইতিবাচক, তাহলে জনগণই সেটার মূল্যায়ন করবে। জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক। সামনের নির্বাচনে জনগণই বিবেচনা করবে সরকার সঠিক কাজ করেছে কি না।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।