অনেকে ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবার গোলযোগ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘অনেকে ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবার গোলযোগ সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু আমরা কেউ তা চাই না। ফ্যাসিস্ট যারা ছিলো তারা দেশকে ধ্বংস করেছে। লুটপাট করে নিয়ে গেছে। বিদেশে টাকা জমা করেছে।’
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। কৃষকরা ধানের ন্যায্য দাম পেতে চায়। আমরা তা দেওয়ার চেষ্টা করছি।’
অনুষ্ঠানে আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশীদ। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় জেলার ছয়টি আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ কবিভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। পরে এক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।