রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অবহেলা ও প্রতারণার অভিযোগ এনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন।
মামলার আবেদনে ১৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল:, বিমান বাহিনীর সাবেক এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন:, সাবেক উপদেষ্টা সি আর আবরার (শিক্ষা), সৈয়দা রেজোয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা (অব.) কর্নেল নূরনবী এবং প্রিন্সিপাল মাসুদ আলম ও রিফাত নবী, রাজউক চেয়ারম্যান, শিক্ষা ও প্রতিরক্ষা সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বাদীর আবেদনে আসামিদের বিরুদ্ধে 'অবহেলাজনিত মৃত্যু' এবং 'প্রতারণার' গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, জনবহুল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এমন ঝুঁকিপূর্ণ উড্ডয়ন এবং পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রে আসামিদের চরম গাফিলতি ছিল।
গত বছরের ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে। সেই ভয়াবহ দুর্ঘটনায় ৩৬ জন প্রাণ হারান এবং আহত হন আরও ১২৪ জন। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, দুর্ঘটনার প্রধান কারণ ছিল পাইলটের 'উড্ডয়ন-ত্রুটি'।