যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পার 'ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া' মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এদিকে জানাজা শেষে নাহিদা বৃষ্টির মরদেহ সংশ্লিষ্ট ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দূতাবাসের তত্ত্বাবধানে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। অরল্যান্ডো বিমানবন্দরে মরদেহ বিদায় জানাতে মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মিয়ামি কনস্যুলেট পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তত্ত্বাবধান করছে বলে জানান ওয়াশিংটন ডিসি দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই হত্যাকাণ্ডের শিকার দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় ব্যয়ভার বহন করছে বাংলাদেশ সরকার।
এর আগে, আরেক নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ গত ৪ মে ঢাকা পৌঁছায়। সে সময় বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে জামিলের পরিবারের কাছে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
নাহিদা ও জামিল দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত ছিলেন। গত এপ্রিলে তাদের মর্মান্তিক মৃত্যুতে প্রবাসে ও দেশে গভীর শোকের ছায়া নেমে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের স্মরণে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে।