সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী ঠেলে পাঠানোর (পুশব্যাক) আশঙ্কা তৈরি হয়েছে। তবে বুধবার (৬ মে) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেছেন, এমন ঘটনা ঘটবে না।
ভারত থেকে সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাকের ঘটনা বাড়তে পারে কি না, এদিন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করি, এমন কোনো ঘটনা ঘটবে না।’
তবে এর পাশাপাশি তিনি এও জানান, সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন এর আগের দিন ক্ষমতাসীন দল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।
সেখানে বলা হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের আবহে যদি পুশইনের কোনো ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
গত সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে।
নির্বাচনী প্রচারের সময় বিজেপি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে এসেছে।
সাধারণত অবৈধ অভিবাসীদের জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়ার প্রক্রিয়াকে ‘পুশব্যাক’ বলা হয়। আর যে দেশে তাদের পাঠানো হয়, তারা একে ‘পুশইন’ হিসেবে অভিহিত করে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্তে এই ধরনের পাল্টাপাল্টি পুশব্যাকের ঘটনা বেশ আলোচিত হয়েছে।
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া