শ্রমিকদের খাতায় নিজের নাম লিখিয়ে দেশের জন্য কাজ করে যেতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মন্ত্রিপরিষদের সব সদস্যর নাম শ্রমিক হিসেবে তালিকাবদ্ধ করার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন। আমি চাই আপনাদের খাতায় নাম লেখাতে; একজন শ্রমিক হিসেবে। আপনাদের খাতায় নাম লিখিয়ে দেশ গড়ার কাজ করতে চাই। একই সঙ্গে মন্ত্রিপরিষদের সব সদস্যর নাম শ্রমিক হিসেবে তালিকাবদ্ধ করতে চাই। যেন সবাই একসঙ্গে দেশ গড়ার কাজ করতে পারি।’
তিনি বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমের সবগুলো কারখানা চালু করা হবে। যেন শ্রমিকরা কাজ করতে পারেন। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।’
তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।’
এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশে পুরুষের পাশাপাশি যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও৷ সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে৷ রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।