বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়েছে। এতে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান রুমি এ হোসেন। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য নিশ্চিত করেছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকেও এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ ও বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এই নতুন পর্ষদ গঠন করা হয়। নবগঠিত এই পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।
১৩ সদস্যের এই পর্ষদে বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্ষদের অন্য সদস্যরা হলেন:
১. অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার
২. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমিদা আক্তার
৩. সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান
৪. বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান
৫. সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম
৬. পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ
৭. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির
৮. ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম
৯. ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ
১০. চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডসের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী
১১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক
১২. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (পদাধিকার বলে) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।