বিএনপি কর্মী মকবুল হত্যা
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্ত করা লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের চতুর্থ দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৫ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ দ্বিতীয় দফায় এ মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১২ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।