দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার (২৯ মার্চ) তাদের পদায়নের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজু লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর এবং সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব (উপসচিব) মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপূর্বক পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসনকে এই আদেশের অনুলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে ১১ জেলার ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী প্রজ্ঞাপনের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।