রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা। জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া একে অপরের পরিবারের খোঁজখবরও নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটিই প্রথম সাক্ষাৎ। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান।