শিশুদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি কোমল ও সংবেদনশীল। তাই বড়দের ব্যবহৃত সাবান, ক্রিম বা পাউডার শিশুর ত্বকে ব্যবহার করা ঠিক নয়। এতে সহজেই র্যাশ, অ্যালার্জি বা ত্বকের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে রোদে পোড়া দাগ বা ত্বকে মৃত কোষ জমে গেলে কিছু ঘরোয়া ফেসপ্যাক উপকারে আসতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে দুই থেকে তিন দিন শিশুর ত্বকের যত্ন নেওয়া ভালো। সারাদিনের ঘাম ও ধুলাবালির কারণে ত্বকে মৃত কোষ জমে যেতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে অ্যালার্জি বা একজিমার মতো সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে। রোদে পোড়া দাগ কমাতেও কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে।
ওটসের ফেসপ্যাক এ ক্ষেত্রে কার্যকর হতে পারে। শিশুর গোসলের কুসুম গরম পানিতে কিছু ওটস ও কয়েক চা-চামচ বেকিং সোডা মিশিয়ে দিলে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আবার ত্বক বেশি শুষ্ক হলে দুই কাপ ওটসের গুঁড়া, দুধ ও এক চা-চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে গোসলের আগে মুখ ও শরীরে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন।
রোদে পোড়া দাগের জন্য বেসন ও হলুদের প্যাকও ব্যবহার করা যায়। এক চা-চামচ বেসনের সঙ্গে সামান্য হলুদগুঁড়া ও এক চা-চামচ টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখ ও হাতে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে প্রয়োজনের বেশি সময় রেখে দেওয়া উচিত নয়।
ত্বক মসৃণ ও আর্দ্র রাখতে অ্যালোভেরা, দুধ ও মধু মিশিয়েও ব্যবহার করা যায়। গোসলের পর এই মিশ্রণ হালকা করে লাগানো হলে এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজারের মতো কাজ করতে পারে। তবে ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন, অ্যালোভেরায় শিশুর কোনো অ্যালার্জি হচ্ছে কি না।