স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গুর ভ্যাকসিন এখনই দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ভ্যাকসিন দিচ্ছি না। এই ভ্যাকসিন বিশ্বের কিছু কিছু দেশে ব্যবহৃত হচ্ছে। ব্রাজিল, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ অল্প কয়টা দেশে দিচ্ছে। কিন্তু অল ওভার দা ওয়ার্ল্ড এটা এখনও সার্বজনীন ভ্যাকসিন হয়নি। কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসেবে হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারিনা।’
যদি একটাও অ্যাকসিডেন্ট হয়, তার টোটাল ব্লেইম নিজেদের ওপর এসে পড়বে জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘সবাই বলবে, উইদাউট এক্সামিনেশন আমরা এটা করছি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করবো। ইউনিসেফের সঙ্গেও কথা বলবো।’
এ সময় আন্তর্জাতিক মহলে কথা বলে যদি পারমিশন পাওয়া যায়, ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন তাহলে ভ্যাকসিন কালেক্ট করার চেষ্টা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘কিন্তু এট দিজ মোমেন্ট উই আর নট গোইং টু ডু ভ্যাক্সিনেশন। কারণ এটা সার্বজনিন ভ্যাকসিন না, এটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিলাম।’