বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ২৬তম অবস্থানে রয়েছে ঢাকা। শনিবার (১৮ জুলাই) সকাল পৌনে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৭৭ নিয়ে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’।
এএকিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি কম থাকলেও সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
শনিবার দূষিত বাতাসের শহরের তালিকায় ২২১ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট প্রথম, ১৭৫ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ দ্বিতীয় এবং ১৬৯ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তৃতীয় অবস্থানে রয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) একটি শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত ও এর সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে ধারণা দেয়। বাংলাদেশে এএকিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষক, পিএম ২.৫, পিএম ১০, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রার ভিত্তিতে।
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। সাধারণত শীতকালে দূষণের মাত্রা বেড়ে যায়, আর বর্ষা মৌসুমে বাতাসের মানের কিছুটা উন্নতি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত মৃত্যুর পেছনে বায়ুদূষণ অন্যতম প্রধান কারণ।