আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এই মাসে দেশে আট-নয় দিন বজ্রপাত হতে পারে। বুধবার (১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে । এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুইটি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ ছাড়া জুলাই মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৫-৪.৫ মিলিমিটার ও গড় সূর্য কিরণকাল ৩.৭৫-৫.৭৫ ঘন্টা থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।