ছোট পর্দায় চার দিনে তারকাবহুল আয়োজন
ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দায় থাকছে টেলিফিল্মের বিশেষ আয়োজন। দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেলগুলো চার দিনজুড়ে প্রচার করবে প্রেম, পারিবারিক টানাপোড়েন, কমেডি ও সামাজিক গল্পনির্ভর একাধিক টেলিফিল্ম। এবারের আয়োজনে যেমন থাকছেন মোশাররফ করিম, আফজাল হোসেন, তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান, তেমনি নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
ঈদের দিন থেকেই শুরু হচ্ছে এই বিশেষ সম্প্রচার। চ্যানেল আই দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করবে ইমরাউল রাফাত পরিচালিত ‘ওয়ারিশ’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইয়াশ রোহান ও প্রিয়ন্তী উর্বি। একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার।
এনটিভিতে দুপুর ২টা ২০ মিনিটে দেখা যাবে রাকেশ বসু পরিচালিত ‘সিন্ডিকেট বাদল’। এতে অভিনয় করেছেন আরশ খান ও মাফতোহা জান্নাত জিম। অন্যদিকে বাংলাভিশনে দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে মোহন আহমেদের ‘তুমি দূরত্ব চেয়ো না’, যেখানে জুটি বেঁধেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।
ঈদের দ্বিতীয় দিনে টেলিফিল্মের তালিকায় যুক্ত হচ্ছে আরও কয়েকটি ভিন্নধর্মী কাজ। এটিএন বাংলায় রাত ১১টায় প্রচার হবে রাইয়ান মাহমুদ পরিচালিত ‘অপেক্ষার পরে’। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল। একই দিনে চ্যানেলটিতে প্রচার হবে তাইফুর জাহান আশিকের ‘জামাই পাগল’, যেখানে দেখা যাবে মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমিকে।
চ্যানেল আইয়ের দ্বিতীয় দিনের আকর্ষণ ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। আরিফ খান পরিচালিত এই টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, জাকিয়া বারী মম ও দীপা খন্দকার। এনটিভিতে প্রচার হবে চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’, যেখানে থাকছেন আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান ও প্রান্তর দস্তিদার।
এদিকে কমেডিনির্ভর গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশনে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মোহন আহমেদ পরিচালিত ‘কাকার টিকটকার বউ’। মোশাররফ করিম ও তাসনুভা তিশার এই কাজটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। অন্যদিকে বাংলাভিশনে থাকছে আহসান হাবীব আকিকের ‘ঘাড়ত্যাড়া জামাই বউ’ এবং মাছরাঙায় সোহেল হাসানের ‘ডাবল প্রেশার’।
ঈদের তৃতীয় দিনেও ছোট পর্দায় থাকছে রোমান্টিক ও পারিবারিক গল্পের মিশেল। চ্যানেল আই দুপুরে প্রচার করবে ইমরোজ শাওনের ‘তোমার আমার প্রেম’, যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। বিকালে প্রচার হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘অভিযান’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল, ফররুখ আহমেদ রেহান ও মালাইকা চৌধুরী।
এনটিভিতে প্রচার হবে ইমরাউল রাফাতের ‘মিথ্যে নয় সত্য’, আর বাংলাভিশনে থাকছে শামীম জামানের ‘ডাবল ট্রাবল’। মাছরাঙা টেলিভিশনে মোহন আহমেদের ‘হট ম্যান’-এ আবারও দেখা যাবে মোশাররফ করিম ও তাসনুভা তিশাকে।
ঈদের চতুর্থ দিনে চ্যানেল আই প্রচার করবে রাসেল আজমের ‘দুটি মন’ এবং সাগর জাহানের ‘পাল্লু বিল্লুর বিয়ে’। দুটি টেলিফিল্মেই থাকছে রোমান্টিক ও পারিবারিক গল্পনির্ভর আয়োজন। এনটিভিতে প্রচার হবে মাবরুর রশীদ বান্নাহর ‘ছেলেটা ম্যাড’, আর বাংলাভিশনে থাকছে সহিদ উন নবীর ‘ডার্লিং হারবার’।
অন্যদিকে মাছরাঙা টেলিভিশনের শেষ দিনের বিশেষ আকর্ষণ অনিক বিশ্বাস পরিচালিত ‘প্যারাডাইস’। এতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান, আইশা খান ও ফারহান আহমেদ জোভান।
ফলে ঈদের ছুটিতে দর্শকদের বিনোদনের অন্যতম ভরসা হয়ে উঠছে ছোট পর্দার এই বিশেষ টেলিফিল্ম আয়োজন।