সাত দিনজুড়ে বিশেষ আয়োজন, থাকছেন চঞ্চল-মোশাররফ-শবনম ফারিয়ারা
ঈদুল আজহা উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে বিশেষ নাট্য আয়োজন। একক নাটক, টেলিছবি ও সিনেমার পাশাপাশি এবার ছোট পর্দায় গুরুত্ব পাচ্ছে ধারাবাহিক নাটকও। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন প্রচার হবে নানা স্বাদের পারিবারিক, কমেডি ও সামাজিক গল্পনির্ভর ধারাবাহিক। জনপ্রিয় নির্মাতা ও তারকাদের উপস্থিতিতে দর্শকদের জন্য তৈরি হয়েছে বৈচিত্র্যময় বিনোদনের প্যাকেজ।
এটিএন বাংলায় প্রতিদিন রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে মাইদুল রাকিব পরিচালিত ‘টিকটক স্টার-১’। নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সমসাময়িক গল্পে নির্মিত।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার হবে আফজাল হোসেন পরিচালিত ‘কিশোরগঞ্জের কিশোরদল’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি। গ্রামীণ আবহ ও কিশোরদের গল্প ঘিরে নির্মিত এ নাটক।
এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেখা যাবে হাসান রেজাউল পরিচালিত ‘মা বাবা ভাই বোন’। পারিবারিক সম্পর্কের গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, তাসনুভা তিশা, নিশাত প্রিয়ম, এ্যালেন শুভ্র ও আবু হুরায়রা তানভীর।
আরটিভির ঈদ আয়োজনে রয়েছে দুটি ধারাবাহিক। প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে সহিদ উন নবী পরিচালিত ‘সাত ভাই টুম্পা’। এছাড়া রাত ১১টায় দেখা যাবে সাজ্জাদ সুমনের ‘বউ সোহাগী পরিবার’।
বাংলাভিশন ঈদে প্রচার করবে একাধিক ধারাবাহিক নাটক। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে তাইফুর জাহান আশিকের ‘স্বামীরা পলাতক’, রাত ৮টা ৪০ মিনিটে মিতুল খানের ‘কাজের মেয়ে অরিন’ এবং রাত ১০টা ৪০ মিনিটে মাসুদ সেজানের ‘ভিডিও লিংক’। নাটকগুলো নির্মিত হয়েছে পারিবারিক কৌতুক ও সামাজিক ব্যঙ্গের আবহে।
বৈশাখী টেলিভিশন একাধিক ধারাবাহিক নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে। বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে আকাশ রঞ্জনের ‘অবশেষে জিরো’, ৫টা ৪৫ মিনিটে রবিউল সিকদারের ‘ঝগড়াটে পরিবার’, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তারিক মুহাম্মদ হাসানের ‘কফিলের মেয়ে’ এবং রাত ৭টা ৩০ মিনিটে মহিন খানের ‘মোগো বাড়ি বরিশাল’। এছাড়া রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে তারিক মুহাম্মদ হাসানের ‘ভাত হাসান’, যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম। রাত ১০টায় আদিত্য জনির ‘সাক্ষী মফিজ’-এ দেখা যাবে মীর সাব্বিরকে। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সকাল আহমেদের ‘দিল মোহাব্বত’।
মাছরাঙা টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে সকাল আহমেদ পরিচালিত ‘লাভ স্টেশন’, যেখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে তাইফুর জাহান আশিক পরিচালিত ‘আদরের দুলাভাই’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।
দীপ্ত টিভিতে রাত ৯টায় প্রচার হবে আকাশ রঞ্জনের ‘জিডি জামাল’। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা ও শামীমা নাজনীন।
অন্যদিকে নাগরিক টিভি প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচার করবে সকাল আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘এমন যদি হতো’। এতে জুটি বেঁধেছেন চঞ্চল চৌধুরী ও সারিকা সাবরিন।
এবারের ঈদে ধারাবাহিক নাটকের তালিকায় পারিবারিক কমেডি, সামাজিক টানাপোড়েন, প্রেম এবং গ্রামীণ জীবনের গল্পই বেশি প্রাধান্য পেয়েছে। ঈদের সাত দিনের আয়োজনে ধারাবাহিক নাটকগুলো ছোট পর্দার দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।