৭৯তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট এবার সম্পূর্ণ নিজেদের দখলে নিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগৎ। উৎসবের অন্যতম আকর্ষণীয় ‘মিডনাইট স্ক্রিনিং’ বিভাগে কোরিয়ান থ্রিলার সিনেমা ‘কলোনি’র জমকালো প্রিমিয়ারের মধ্য দিয়ে ফরাসি উপকূলের এই ঐতিহ্যবাহী মঞ্চটি যেন একটি জীবন্ত ‘কে-ড্রামা’র স্বপ্নের মঞ্চে পরিণত হয়েছিল। চলচ্চিত্রের তীব্র উত্তেজনা এবং রেড কার্পেটে তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি বিশ্বজুড়ে কোটি ভক্তের মাঝে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিখ্যাত কোরিয়ান সিনেমা ‘ট্রেন টু বুসান’ খ্যাত পরিচালক ইয়ন সাং-হোর নতুন এই জম্বি থ্রিলার সিনেমা ‘কলোনি’ গ্র্যান্ড লুমিয়ের থিয়েটারে প্রদর্শিত হওয়ার পর দর্শকরা দাঁড়িয়ে তুমুল করতালি (স্ট্যান্ডিং ওভেশন) দিয়ে এটিকে অভিনন্দন জানায়। এ সময় ছবির অন্যতম প্রধান তারকা জুন জি-হিউন আবেগাপ্লুত হয়ে পড়েন। সিউলের একটি কোয়ারেন্টাইনড বহুতল ভবনে ছড়িয়ে পড়া এক ভয়াবহ ভাইরাস এবং সেখান থেকে বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি কানের অন্যতম আলোচিত প্রজেক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে প্রিমিয়ারের হাড়হিম করা উত্তেজনার বাইরে রেড কার্পেটের রোমান্টিক আবহ দর্শকদের বেশি আকর্ষণ করেছে, যেখানে চশমা লুকে হাজির হওয়া জনপ্রিয় অভিনেতা জি চ্যাং-উক এবং জমকালো সাদা গাউনে জুন জি-হিউনের রসায়ন সবাইকে মুগ্ধ করেছে।
‘কলোনি’র প্রিমিয়ারের পাশাপাশি কানের রেড কার্পেটে আরও দুই কোরিয়ান মেগাস্টার হান সো-হি এবং ইম ইউন-আ (ইউন-আ) নিজেদের ফ্যাশন দিয়ে এক চমৎকার বৈপরীত্য তৈরি করেছিলেন, যা ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তুলেছে। একটি লাক্সারি জুয়েলারি ব্র্যান্ডের বৈশ্বিক দূত হিসেবে হান সো-হি সম্পূর্ণ কালো রঙের পোশাকে এক ‘গথিক গ্ল্যামার’ ও রহস্যময়ী রূপ নিয়ে হাজির হন। অন্যদিকে, ইম ইউন-আ রেড কার্পেটে পা রাখেন একদম বিপরীত রূপে; তাঁর নরম সাদা গাউনটি আন্তর্জাতিক আলোকচিত্রীদের কাছে তাঁকে এক রূপকথার ডিজনী প্রিন্সেসের মতো ফুটিয়ে তোলে।
ফ্যাশনের এই আলো-ছায়ার খেলার পাশাপাশি দুই অভিনেত্রীই কানে আয়োজিত ফরাসি কেলিং গ্রুপের বিখ্যাত ‘উইমেন ইন মোশন’ অ্যাওয়ার্ডস ডিনারে অংশ নেন, যেখানে চলচ্চিত্র ও শিল্পকলায় নারীদের অবদানকে সম্মানিত করা হয়। চলচ্চিত্রের শক্তিশালী প্রদর্শন এবং রেড কার্পেটের হাই-ফ্যাশনের এমন চমৎকার মেলবন্ধনে কান ২০২৬-এর এই বিশেষ সপ্তাহটি মূলত দক্ষিণ কোরিয়ার তারকাদের একচেটিয়া আধিপত্যের সাক্ষী হয়ে রইল।
সূত্র: গালফ নিউজ