ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি নাটকের গল্প তৈরী করতেও অভ্যস্ত। তার গল্প ভাবনায় নির্মিত হয়েছে অনেক নাটক। ২০০৭ সালে চয়নিকা চৌধুরী এই অভিনেতার গল্প ভাবনায় ‘স্বপ্নের নীল পরী’ নামে একটি নাটক নির্মাণ করেন।
এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ বেশ কিছু নাটক তৈরি হয়েছে অপূর্বর গল্পে। দীর্ঘদিন পর আবারও নাটকের গল্প তৈরী করেছেন অপূর্ব। এটির নাম ‘ অচেনা আমি ’। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
নাটকটিতে অভিনয়ও করেছেন অপূর্ব। সঙ্গে আছেন নাজনীন নীহা। নাটকটি আগামী ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
নাটকের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সামাজিক মাধ্যমে অপূর্ব লেখেন, ‘সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।’
নাটকটি নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্ব খুব ভালো। গল্পের সঙ্গে মিল রেখে চমৎকারভাবে সিকোয়েন্স সাজিয়েছে। অপূর্বর গল্পে যেমন বার্তা থাকে, তেমনি সিনেমাটিক একটা ভাইব থাকে। অচেনা আমি নাটকেও তেমন এক গল্প দেখবে দর্শক। এটি অপূর্বর করা দ্বিতীয় চিত্রনাট্য। ১০-১২ বছর আগে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিল অপূর্ব। সেই কাজটির চিত্রনাট্য করেছিল সে। পোস্ট প্রোডাকশনের সঙ্গে আমি ছিলাম। এত বছর পর আবার লিখল অপূর্ব। সেটি আমি পরিচালনা করছি। সব মিলিয়ে দারুণ অনুভূতি।’