রোববার (৯ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। এ দিন সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনব্যাপি চলা এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।’
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
উদ্বোধনী দিনে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এ বছর এই মর্যাদাপূর্ণ পদকের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০৭ জন সদস্য মনোনীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এই পদক তুলে দেবেন।
পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরের বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে শেষ হবে এবারের আয়োজন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।